চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানে ৭ গ্রাম হেরোইন ও ১৩০ পিস ইয়াবাসহ মো. মঈন আলী (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত সদর থানাধীন জয়নগর মীরপাড়া বটতলাহাট এলাকায় তার নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক মঈন আলীর কাছ থেকে ৭ গ্রাম হেরোইন, ১৩০ পিস ইয়াবা, নগদ ৯ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক মঈন আলী জয়নগর মীরপাড়া বটতলাহাট এলাকার মৃত ওমর আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
