ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা, নারীসহ আহত ৫

সারাদেশ | মো সাফায়েত খান ওপেল। ধামরাই প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৫:৫৮ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে নারীসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক (এস আই) এস এম এনামুল হক।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাইদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. বাবুল হোসেন পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন সাইদপাড়া এলাকার নুর ইসলাম (২৮), নাজমুল হোসেন (৩০), নাজিমুদ্দিন (৬০), খোকন (৪২) ও হাবিজুদ্দিন (৪৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাবুল হোসেনের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সন্ধ্যায় অভিযুক্ত খোকনের বাড়িতে একটি সালিস বসে। হট্টগোলের কারণে সালিসটি পণ্ড হয়ে গেলে বাবুল হোসেন বাড়িতে ফিরে যান। এর জের ধরে রাত সাড়ে ৯টার দিকে খোকনের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে বাবুল হোসেনের বাড়িতে ঢুকে হামলা চালান।

হামলায় বাবুল হোসেন, তাঁর স্ত্রী আমেনা বেগম (৫৫) এবং তিন মেয়ে ফাতেমা (৩০), তাহমিনা (২৮) ও মৌসুমী (২৪) আহত হন। এর মধ্যে লোহার রডের আঘাতে মৌসুমীর মাথা ফেটে যায় এবং বাঁশের লাঠির আঘাতে আমেনা বেগমের ডান হাতের আঙুল ভেঙে যায়। হামলার সময় ওই পরিবারের নারীদের শ্লীলতাহানি এবং একজনের গলা থেকে আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে জানায়, চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে আহত ব্যক্তিদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত মৌসুমীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভুক্তভোগী বাবুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আমাদের হুমকি দিয়ে আসছিল। সালিস পণ্ড হওয়ার পর রাতে বাড়ি ফেরার পথে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের সবাইকে এলোপাতাড়ি মারধর করে।’

তাঁর বড় মেয়ে ফাতেমা বলেন, ‘হামলাকারীরা আমাদের মারধরের পাশাপাশি পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেছে এবং আমার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। রডের আঘাতে আমার ছোট বোন মৌসুমীর মাথা ফেটে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম এনামুল হক বলেন, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম