ময়মনসিংহের ফুলপুরে ডোবা থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার : আটক ৩
ময়মনসিংহ প্রতিনিধি
নিখোঁজের দুই দিন পর ময়মনসিংহের ফুলপুরে সাম্মত আলী (৬৯) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (শনিবার) দুপুরে ফুলপুরের রহিমগঞ্জের চক ঢাকিয়াকান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে গ্রামের একটি মসজিদে ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হন সাম্মত আলী। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে বাড়ির আঙিনার পেছনে ডোবার জঙ্গলের মধ্যে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে দিকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে আব্দুুর রহমান জানান, প্রতিবেশী আজিজুল হক ও তাঁর স্বজনদের সঙ্গে জমি নিয়ে সাম্মত আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি ওই মামলায় সাম্মত আলীর পক্ষে মামলায় ডিক্রি হয়। এর জেরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করে থাকতে পারেন বলে সন্দেহ করছেন পরিবারের সদস্যরা।
ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, সাম্মত আলী দুইদিন আগে নিখোঁজ হন। সকালে বাড়ির পেছনের ডোবার মধ্যে তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে নিহতের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে বলে এ কর্মকর্তা জানান।
পরিবারের পক্ষ থেকেও তাঁদের প্রতিপক্ষের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
