কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে।
শনিবার (২১ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামিরা জেলে আছে। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে জুভেনাইল কোর্টে ও প্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে
কুমিল্লার সেশন কোর্টে।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, “আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।”
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, “কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা কোর্টে বিচার হবে।”
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
