পাবনার ঈশ্বরদীতে একটি তিনতলা আবাসিক ভবনে গোপনে মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযান চালিয়ে ১০০ লিটার তৈরি মদ, প্রায় ২ হাজার লিটার জাওয়া (মদ তৈরির কাঁচামাল) ও উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক ব্যক্তিসহ দু'জনকে আটক করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশে একটি তিনতলা আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাভেদ জাফর (৫৬) ও উজ্জ্বল হোসেন (৪৫)। জাভেদ জাফর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত। অপর ব্যক্তি উজ্জ্বল ওই ভবনের মালিক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে মদ তৈরির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। তল্লাশি করে বিপুল পরিমাণ জাওয়া, ১০০ লিটার তৈরি মদ ও মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আব্দুর রহিম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে তৈরি করা এসব মদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের কাছে বিদেশি মদ হিসেবে বিক্রি করা হত। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
