রাঙ্গমাটি: কাউখালী উপজেলায় লরির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। জেলা শহরের তবলছড়ি এলাকার আহম্মদ মিয়ার ছেলে মো. হানিফ (৫০) ও একই এলাকার আব্দুল আজিজের ছেলে নবী হোসেন (৪৭)। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার ঘাগড়া ইউনিয়নে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেলা শহর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি চট্টগ্রামের রাণিরহাট যাচ্ছিল। পথে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের শালবাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি লরি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দূর্ঘটনা ঘটে।
কাউখালী থানার ওসি রাজীব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে কাউখালী থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
