আজ বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সূত্র জানায়, বৈঠকে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে জামায়াতে ইসলামীকে যুক্ত করা হচ্ছে কি না, সে বিষয়ে পরিষ্কার হতে চেয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা।
এছাড়া ‘ইন্ডিয়া আউট’ আন্দোলনের বিষয়েও বিএনপির অবস্থান জানতে চেয়েছে জোটের নেতারা। সন্ধ্যা সোয়া ৭টা থেকে পৌনে দুই ঘণ্টার ওই বৈঠক হয়। এতে উপস্থিত গণতন্ত্র মঞ্চের একাধিক নেতা জানান, বিএনপির পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে, যুগপৎ আন্দোলন নিয়ে নতুন কোনো মেরুকরণ হচ্ছে না। আর ‘ইন্ডিয়া আউট’ আন্দোলনে যারা যুক্ত হয়েছেন, সেটা তাদের ব্যক্তিগত। এ বিষয়ে বিএনপির দলীয় কোনো সিদ্ধান্ত নেই।
সূত্রমতে, বৈঠকে জোটের একজন নেতা জানিয়েছেন, তাদের যুগপৎ আন্দোলনে এখনই যেন জামায়াতকে যুক্ত না করা হয়। আন্দোলনে বিজয়ের সম্ভাবনা দেখা দিলে তখন যে কেউ যুক্ত হতে পারে। এছাড়াও বিগত আন্দোলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা বিএনপির চিন্তাভাবনা জানতে চেয়েছেন। তারা দলীয়ভাবে আলোচনা করে মঞ্চের নেতাদের জানাবেন বলেছেন।
ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ উপস্থিত ছিলেন। অন্যদিকে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
