ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ২:৫২ অপরাহ্ন

banglahour

শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর থানার একটি গ্রামে ফারুক মোল্যা নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লা কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ফারুক ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। এ সময় কুপিয়ে আহত করা হয় তার ছোট ভাই ফরহাদ মোল্লা ও স্ত্রী আয়েশাকে। এ ছাড়া একই সময় দুর্বৃত্তরা ৮টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে।

ফারুকের স্বজন ও স্থানীয়রা জানায়, ভেদরগঞ্জের সখিপুর থানার গনি মোল্যার কান্দি গ্রামের ফারুক স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা। তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার এক ভাই সিরাজ মোল্যা চরকুমারীয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য। এলাকায় বিএনপির রাজনীতি করেন এমন একটি পক্ষের সঙ্গে পরিবারটির বিরোধ চলছিল।

গতকাল সন্ধ্যার পর দুর্বৃত্তরা ফারুক মোল্যাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। সেইসঙ্গে ফারুকের স্ত্রী আয়েশা আক্তার, ভাই ফরহাদ মোল্যাকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ফারুককে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। আর আয়েশা ও ফরহাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে ওই হামলার সময় দুর্বৃত্তরা ৮টি ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া একই থানার একই ইউনিয়নের মোল্যার বাজার এলাকায় আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের ১০-১২ টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বিএনপি ও যুবদল নেতার নাম উল্লেখ করে ফারুকের ভাই মামুন বলেন, সন্ধ্যার পর পরিবারের সবাই বাড়িতে ছিলাম। আমার এক ভাই ইউপি মেম্বার হওয়ায় বিএনপির নেতারা ক্ষুব্ধ ছিল। তারা আমার চোখের সামনে ভাইকে কুপিয়ে হত্যা করেছে। ঘরে আগুন দিয়েছে। প্রাণ বাঁচাতে আমরা চিৎকার চেচাঁমেচি করি। কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি।

ফারুকের আরেক ভাই সিরাজ মোল্ল্যা বলেন, যারা আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়া কোপাইছে, আমরা তাদের চিনছি। পুলিশের কাছে তাদের নামে লিখিত অভিযোগ দিব। আমার আরেক ভাইয়ের ও ভাবির অবস্থা খুব খারাপ। তাদের ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, বুধবার রাতে ফারুক নামের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা দিতে গিয়ে মৃত পাই। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

সখিপুর থানা ও জেলা পুলিশের কোনো কর্মকর্তা ফোন না ধরায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। ফারুকের মরদেহ এখনো ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়নি।

এ ঘটনার বিষয়ে সখিপুর থানা বিএনপির এক নেতা বলেন, একটি হত্যাকান্ডের ঘটনার কথা শুনেছি। কোনো সহিংসতা ও নাশকতার সঙ্গে বিএনপি জড়ায়নি। কারা ওই ঘটনায় জড়িত তা বুঝতে পারছি না। তবে ওখানে স্থানীয় আওয়ামী লীগের বিরোধ আছে। তারা ঘটিয়েও বিএনপির নাম দিতে পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯