দিনাজপুর: শারদীয় দুর্গাপূজার টানা ৬ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে কাঁচা মরিচ, পেঁয়াজসহ বেশকিছু পণ্য আমদানি হচ্ছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটির সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীদের বাংলাদেশ ও ভারতের পারাপার স্বাভাবিক ছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশনের কার্যক্রম চালু ছিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
