জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিষ্ণপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের সাজাভোগ শেষে বাড়িতে ফিরে আজমল হোসেন (মদন) নামে এক যুবলীগ কর্মী আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে তাঁর পরিবার জানিয়েছে। এ ঘটনায় আত্মহত্যার বিষয়টি উল্লেখ করে আক্কেলপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহত আজমল হোসেন বিষ্ণপুর গ্রামের আজিজার রহমানের ছেলে। তিনি তিলকপুর ইউনিয়ন যুবলীগের কর্মী এবং পেশায় মৎস্যচাষি ছিলেন। তাঁর দুই সন্তান রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজমল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের প্রচেষ্টা সত্ত্বেও মাদক সেবন বন্ধ করতে পারেননি। গত ২ অক্টোবর মাদক সেবনকালে তাঁকে পরিবারের সদস্যরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে তুলে দেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেয়। সাজা শেষে গতকাল বুধবার সকালে বাড়িতে ফিরে বিকেলে নিজ ঘরে আত্মহত্যা করেন।
আক্কেলপুর থানার ওসি ময়নুল ইসলাম জানান, আত্মহত্যার ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
