ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী ও দিনমজুরের লাশ কবর থেকে উত্তোলন

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ অক্টোবর ২০২৪, শনিবার, ৯:২২ অপরাহ্ন

banglahour

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সুন্দলপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রিফাত ও দিনমজুর বাবুর লাশ তদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন। শনিবার দুপুরে দাউদকান্দির সুকিপুর কবরস্থান থেকে রিফাতের লাশ উত্তোলন করেন দাউদকান্দি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন রিফাত। সেদিন রাতেই মৃত্যু হয় তার। পরিবারের সদস্যরা পরদিন ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করেন। রিফাতের বাড়ি দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের সুকিপুর গ্রামে। তিনি মৃত আব্দুল হামিদের সন্তান।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, দাউদকান্দি মডেল থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান দিনমজুর বাবু মিয়া (২৩)। তিনি তুজারভাঙ্গা গ্রামের অটোরিকশাচালক আব্দুল মান্নানের ছেলে।

এ ঘটনার ১৩ দিন পর, ১৮ আগস্ট রিফাতের মামা পরিচয়ে জনৈক আব্দুর রাজ্জাক ফকির দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই দিন দিনমজুর বাবু মিয়ার মৃত্যুর ঘটনায় লিটন আহম্মেদ পাভেল বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করেন। মামলায় ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

পরে ১ সেপ্টেম্বর রিফাত হত্যার ঘটনায় তার মা নিপা বেগম কুমিল্লা আদালতে আরেকটি হত্যা মামলা করেন। তিনটি মামলাতেই সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, পৌর মেয়র নাইম ইউসুফ সেইনসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

লাশ উত্তোলন কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক হারুন উর রশিদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান ইসলাম জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে কুমিল্লা মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, সেদিনের ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম