যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পরাজয়ের জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। শুক্রবার (৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।
ন্যান্সি পেলোসি বলেন, "জো বাইডেন যদি নির্বাচনি প্রচারণা থেকে দ্রুত সরে যেতেন, তাহলে ডেমোক্র্যাটরা ভালো ফল করতে পারত।" তার মতে, বাইডেন প্রচারণা না চালালে ডেমোক্র্যাট প্রার্থীরা আরও শক্তিশালী অবস্থানে থাকতে পারতেন।
প্রসঙ্গত, জুলাইয়ের শেষ দিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর নির্বাচনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জো বাইডেন। এরপর তড়িঘড়ি করে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তার জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সমর্থন জানান।
মঙ্গলবারের নির্বাচনে কমলা হ্যারিস পরাজিত হন ডোনাল্ড ট্রাম্পের কাছে, যার ফলে ডেমোক্র্যাটরা হোয়াইট হাউস এবং কংগ্রেসের উভয় কক্ষের দখল হারায়। এই পরিস্থিতিতে পেলোসির মন্তব্য বাইডেনকে বেকায়দায় ফেলে দিয়েছে।
পেলোসি আরও বলেন, বাইডেন সরে যাওয়ার পর ডেমোক্র্যাট দলের কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী ছিলেন, তবে বাইডেন দ্রুত হ্যারিসকে মনোনীত করায় তাদের সুযোগ দেওয়া হয়নি। এছাড়া, বাইডেনের মধ্যপ্রাচ্যনীতি এবং ইসরাইল তোষণের কারণে ডেমোক্র্যাট প্রার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন পেলোসি।
এ নিয়ে ডেমোক্র্যাট দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে, যেখানে অনেকেই বাইডেনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
