গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সরকারি খেলার মাঠ দখল করে ইট-বালুর ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এলোয়ার শেখের বিরুদ্ধে। বাথানডাঙ্গা বাজারসংলগ্ন এই মাঠে দীর্ঘদিন ধরে তিনি ইট-বালুর ব্যবসা করে আসছেন। স্থানীয়দের দাবি, প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।
সরেজমিনে দেখা গেছে, সরকারি খেলার মাঠের উত্তর-পশ্চিম পাশে কিছু অংশ দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং পূর্বপাশে এলোয়ার শেখ ইট, বালু ও খোয়া স্তূপ করে রেখেছেন। এতে স্থানীয় শিশু, কিশোর ও যুবকদের খেলাধুলায় বিঘ্ন ঘটছে। শুষ্ক মৌসুমে বালুর স্তূপ থেকে বাতাসে ধুলা উড়ে এসে হাটে আসা লোকজনের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে।
এ প্রসঙ্গে স্থানীয় এক যুবক জানান, ছোটবেলা থেকে তারা এই মাঠে ফুটবল, ক্রিকেট ও ব্যাটমিন্টন খেলতেন; কিন্তু এখন মাঠে ইট-খোয়া ও বালু স্তূপ করে রাখায় খেলাধুলা করা অসম্ভব হয়ে পড়েছে। মাঠে খেলতে গেলে ইট-খোয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এলোয়ার শেখ বলেন, "আমি আজ নতুন ইট-বালুর ব্যবসা করছি না। দীর্ঘদিন ধরে এই মাঠে ইট-বালু রেখে ব্যবসা চালাচ্ছি। সরকারের যখন মাঠ লাগবে, তখন আমি মাঠ ছেড়ে দেব।"
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান জানিয়েছেন, মাঠটি দখলমুক্ত করার জন্য তিনি এসিল্যান্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। দ্রুত মাঠটি দখলমুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন ইউএনও।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
