ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা নাহিদের উপস্থিতিতে স্লোগান ও অপমানজনক মন্তব্য করেন। এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে নাহিদ হতভম্ব অবস্থায় শিক্ষার্থীদের স্লোগান শুনতে দেখা যায়।
বুধবার (১৩ নভেম্বর) এ বিষয়ে সতর্ক করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি লিখেন, ‘নাহিদ ও তার সহযোদ্ধারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। DGFI, DB'র অত্যাচারও তাদের লক্ষ্য থেকে সরাতে পারেনি।’
সারজিস আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগান তাদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে ছিল, এবং এতে সহযোদ্ধাদের মান-অভিমান থাকতে পারে, তবে ঐক্যের শক্তি এই সংকট দূর করবে।
তিনি সতর্ক করে বলেন, ‘ভেতরে থেকে কেউ যদি এজেন্ট হিসেবে সহযোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালায়, তবে তা সফল হবে না। একসঙ্গে লড়াই করে, ঘাম ও রক্ত ঝরিয়ে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান!’
এ পোস্টে নাহিদ ইসলামের পক্ষের অবস্থান ও রাজপথের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন সারজিস আলম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
