নিজস্ব প্রতিবেদক: ভারতের গুকেশ ডোম্মারাজু মাত্র ১৮ বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছেন। রাশিয়ার কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভের ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভেঙে তিনি এই অসাধারণ কীর্তি অর্জন করেছেন।
বৃহস্পতিবার সিঙ্গাপুরে ফিদে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ স্কোরে পরাজিত করে গুকেশ ১৮তম দাবা চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খেতাব জিতলেন। এর আগে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বনাথ আনন্দ এই গৌরব অর্জন করেছিলেন।
ফাইনালের নাটকীয়তা
বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপের ১৪তম ম্যাচটি ছিল ফাইনাল নির্ধারণী। ১৩টি ম্যাচ শেষে দুজনই সমান পয়েন্টে ছিলেন। নিয়ম অনুযায়ী, যে প্রথমে ৭.৫ পয়েন্ট অর্জন করবে, সেই বিজয়ী হবে। ডিং লিরেন ফাইনালে ভুল করে কিস্তি হারানোর ফলে গুকেশ সহজেই বিজয় নিশ্চিত করেন এবং টাইব্রেকার খেলার প্রয়োজন হয়নি।
গুকেশের বয়স মাত্র ১৮ বছর ৮ মাস ১৪ দিন। এই কৃতিত্ব অর্জনের পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
গুকেশের পথচলা
চেন্নাইয়ের মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া গুকেশের পরিবারে কোনো পেশাদার দাবাড়ু নেই। তবে ছোটবেলায় স্কুল পরবর্তী দাবা ক্লাসে তার প্রতিভা ধরা পড়ে। মাত্র ১২ বছর ৭ মাস বয়সে তিনি গ্র্যান্ডমাস্টার উপাধি অর্জন করেন, যা তাকে ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হিসেবে পরিচিত করে।
ডিং লিরেনের লড়াই
২০২৩ সালে চীনের প্রথম দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ডিং লিরেন চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স দেখান। তবে মানসিক চাপের কারণে ফাইনালে ভুল করেন, যা তার পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
গুকেশের প্রতিক্রিয়া ও প্রধানমন্ত্রী মোদীর অভিনন্দন
জয়ের পর গুকেশ বলেন, “আমি ১০ বছর ধরে এই মুহূর্তের স্বপ্ন দেখে আসছি। তবে এমন পরিস্থিতিতে জিতব, তা কল্পনা করিনি।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গুকেশকে অভিনন্দন জানিয়ে লেখেন, “ঐতিহাসিক ও অনুকরণীয়! এটি তার প্রতিভা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল।”
সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নদের তালিকা
১) গুকেশ ডোম্মারাজু : ১৮ বছর ৮ মাস ১৪ দিন।
২) গ্যারি কাসপারভ : ২২ বছর ৬ মাস ২৭ দিন।
৩) ম্যাগনাস কার্লসেন : ২২ বছর ১১ মাস ২৪ দিন।
এই জয় গুকেশকে দাবার দুনিয়ায় নতুন প্রজন্মের প্রতিভাবান মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
