রাজশাহীর বাঘা উপজেলার যুবলীগ নেতা আবুল কালাম আজাদ (৪৫) প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। শনিবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে তিন ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়। রাত ৮টায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দানে বাবার জানাজায় অংশগ্রহণ করেন তিনি। জানাজার সময় তিনি হাতকড়া পরিহিত ছিলেন এবং কড়া পুলিশি পাহারায় ছিলেন।
জানা গেছে, আবুল কালাম আজাদ বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামের বাসিন্দা এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। গত বুধবার সকালে একটি মামলায় বাঘা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের দুদিন পর তার বাবা আজাহার আলী (৭০) মারা যান।
জানাজার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন রাজশাহীর জজকোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম। জেলা প্রশাসক ও সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমানের নির্দেশে তিন ঘণ্টার প্যারোল অনুমোদন দেওয়া হয়।
বাঘা থানার ওসি আসাদুজ্জামান জানান, প্যারোলে মুক্তি পাওয়ার পর নিয়ম অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়। কঠোর নিরাপত্তায় তাকে জানাজায় আনা হয় এবং জানাজা শেষে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, জানাজার আনুষ্ঠানিকতা শেষে রাতেই আবুল কালাম আজাদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
