গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ডে অবস্থিত নৈবাড়ি উত্তম মেষপালক গির্জায় খ্রিষ্ট ধর্মাবলম্বীরা নানা আয়োজনে বড়দিন উদযাপন করেছে। উৎসবমুখর আয়োজনের মধ্যে ছিল বিশেষ প্রার্থনা, কেক কাটা এবং যুব কীর্তন।
বুধবার সকাল ৯টায় গির্জার পাল পুরোহিত কুঞ্জন কুইয়ার পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিসি (অপরাধ-দক্ষিণ) এন এম নাসির হোসেন, এসি গাছা ফাহিম আসজাদ, এডিসি (অপরাধ-দক্ষিণ) হাফিজুল ইসলাম, পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম এবং পূবাইল থানা যুবদলের সদস্য সচিব মো. আবুল হোসেন লিংকন।
অনুষ্ঠানে গির্জার ভাইস প্রেসিডেন্ট এবং দ্য মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ সোসাইটির পরিচালক সুজয় পিউরিফিকেশন, গির্জার সাধারণ সম্পাদক রঞ্জিত পালমা, মারিয়া সংঘের সভাপতি মালঞ্চ পালমা, এবং খ্রিষ্টান যুব সংঘের সভাপতি প্লাসিড রঞ্জন পালমা প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়দিন উদযাপন উপলক্ষে গির্জা প্রাঙ্গণে উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
