বাংলাদেশে শিক্ষকতাকে অবশ্যই প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে, যাতে দেশের সর্বোচ্চ মেধাবীরা এ পেশায় আগ্রহী হয়। শিক্ষকতা এমন একটি পেশা, যা মেধাবী মানুষ তৈরি করে, তাই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তিতে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সকাল ১১টায় বিদ্যালয়ের বিএনসিসি এবং স্কাউট দলের সমন্বয়ে দুই শিক্ষককে গার্ড অব অনার দেওয়া হয়। পরে শিক্ষার্থী ও সহকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
বিদায় শুধু আনুষ্ঠানিকতা
বিদায় অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, "এ ধরনের বিদায় সংবর্ধনা প্রকৃত অর্থে বিদায় নয়। আজ থেকে স্যারদের দায়িত্ব আরও বেড়ে গেল। আগে তারা বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, এখন সমাজের বৃহত্তর দায়িত্ব পালন করবেন।"
বিদায়ি শিক্ষকদের স্মৃতিচারণ
বিদায়ি দুই শিক্ষক তাদের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতি তুলে ধরে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, মাদক, ইভটিজিং বর্জনের আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার তাগিদ দেন।
রাজকীয় আয়োজন
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অলিউল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিতা বেগম, আজিজুর রহমান, মোশারফ হোসেন, আতিকুর রহমানসহ আরো অনেকে। বিদায় অনুষ্ঠান শেষে ব্যান্ড বাজিয়ে এবং ফুলে সজ্জিত গাড়িতে দুই শিক্ষককে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শিক্ষকতা পেশার গুরুত্ব এবং শিক্ষকদের প্রতি এমন রাজকীয় সম্মান ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
