ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবির সঙ্গে নতুন পাঁচটি দাবি যোগ করে ১৫ দিনের আলটিমেটাম ঘোষণা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
নতুন দাবিগুলো হলো:
১. আগামী ১৫ দিনের মধ্যে সাত কলেজের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত রূপরেখা প্রকাশ।
২. এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু।
৩. পূর্বঘোষিত রুটিন অনুযায়ী সব বর্ষের চলমান পরীক্ষা চালু রাখা।
৪. নতুন বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেখানে অন্তর্ভুক্তি।
৫. চলমান সংকট নিরসনে দুই দিনের মধ্যে শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষা মন্ত্রণালয়, সাত কলেজের অধ্যক্ষ ও বিশেষজ্ঞ কমিটির অংশগ্রহণে আলোচনার আয়োজন।
সাত কলেজের শিক্ষার্থীদের মুখপাত্র আবদুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকার কারণে আমরা চরম ভোগান্তির শিকার। আমাদের পরিচয় সংকট দূর করতে সাত কলেজের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি। আমরা সরকারের আশ্বাসের প্রতি কৃতজ্ঞ, তবে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চাই।”
তিনি আরও বলেন, “আগে ঘোষিত ছয় দফা দাবির মধ্যে মাত্র একটি বাস্তবায়ন হয়েছে। বাকি দাবিগুলোর বাস্তবায়ন না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”
আন্দোলনরত শিক্ষার্থীরা সংঘর্ষে আহত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক এবং হামলাকারীদের গ্রেফতারেরও দাবি জানিয়েছেন। সাত কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
