ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাজাকে আরও সংকুচিত ও বিচ্ছিন্ন করার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ৩:২৩ অপরাহ্ন

banglahour

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে আরও সংকুচিত এবং বিচ্ছিন্ন করে তোলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। রোববার (১৩ এপ্রিল) এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, “গাজা আরও ছোট এবং আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর আরও বেশি সংখ্যক বাসিন্দাকে যুদ্ধাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করা হবে।” তিনি জানান, ইহুদিদের পাসওভার ছুটির সময় ইসরায়েলি সেনাবাহিনী “মোরাগ অক্ষ” নামক একটি করিডোরের নিয়ন্ত্রণ নেয়। পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত ১২ কিলোমিটার এই করিডোরটি গাজার খান ইউনিস ও রাফাহ শহরকে আলাদা করে দিয়েছে।

তিনি আরও বলেন, “ফিলাডেলফি করিডোর এবং মোরাগের মধ্যবর্তী এলাকা এখন ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের অংশ হয়ে গেছে।” পাশাপাশি, ইসরায়েল উত্তর গাজায় তাদের তথাকথিত বাফার জোন প্রসারিত করেছে, যা ইতোমধ্যে হাজার হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে এবং ভূখণ্ডের বড় একটি অংশকে নিজেদের নিয়ন্ত্রণাধীন ‘নিরাপত্তা অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে।

কাটজ জানান, এসব পদক্ষেপ মূলত একটি বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য হামাসকে জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েলের শর্ত মেনে নিতে বাধ্য করা। তিনি বলেন, “যতক্ষণ হামাস ইসরায়েলের শর্ত প্রত্যাখ্যান করবে, ততক্ষণ ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে।”

ইতোমধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, বেইত হানুন ও জাবালিয়া এলাকা এবং দক্ষিণাঞ্চলের রাফাহ শহর ও খান ইউনিসের কিছু অংশে জোরপূর্বক উচ্ছেদের আদেশ দিয়েছে। শনিবার সেনাবাহিনী জানিয়েছে, তারা রাফাহ শহরকে ঘিরে ফেলেছে এবং খান ইউনিস থেকে বিচ্ছিন্ন করেছে মোরাগ করিডোর স্থাপন করে।

গাজায় ২০২৩ সাল থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৪৪ জনে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল চলতি বছরের ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও মার্চের মাঝামাঝিতে সেই চুক্তি ভেঙে ফের বিমান হামলা শুরু করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ১১৫ জন আহত হয়েছেন।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯