কেরানীগঞ্জের কদমতলী চার লেন সড়কের দুই-তৃতীয়াংশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে আছে। ৯০ ফুট প্রশস্ত এ সড়কের ৬০ ফুট অংশ দখল করে বসানো হয়েছে শতাধিক ভ্রাম্যমাণ ও অস্থায়ী দোকান। এতে করে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা, যানজটও তৈরি হচ্ছে প্রতিনিয়ত।
সড়কটি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর প্রান্ত থেকে শুরু হয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিলেছে। দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার যাতায়াত এই রুটের ওপর নির্ভরশীল। তবে শুরুতেই ২০০ মিটার জুড়ে রাস্তার বড় অংশজুড়ে রয়েছে অবৈধ দোকানপাট।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নাম ভাঙিয়ে এসব দোকান থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। কদমতলী গোলচত্ত্বর থেকে সৈমন্তি টাওয়ার পর্যন্ত দুই শতাধিক দোকান থেকে যুবদলের কর্মী তারিক ইসলাম ও মর্জিনা বেগম প্রতিদিন ৭০ টাকা করে চাঁদা তুলছেন। এই চাঁদা তোলার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে তানাকা ফিলিংস্টেশন থেকে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার পর্যন্ত আরও আড়াইশ দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে আলমগীর হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। একই এলাকায় অবৈধভাবে পরিচালিত সিএনজি ও মোটরসাইকেল স্ট্যান্ড থেকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা তুলছেন লোকমান হোসেন ও শহিদ মিয়া।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে এই চাঁদা আদায়ের দায়িত্বে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল মেম্বার। কিন্তু গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এর নিয়ন্ত্রণ চলে যায় বিএনপিপন্থী কিছু নেতাকর্মীর হাতে।
সরেজমিনে দেখা গেছে, দোকানিরা প্লাস্টিক ও কাঠের ছাউনি তৈরি করে সড়কের ওপর পসরা সাজিয়ে বসেছেন। এমনকি পথচারীদের জন্য তৈরি ড্রেনের ওপরের কংক্রিট স্লাবও দোকান বসানোর কাজে ব্যবহার করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী মো. বাবলু বলেন, "আগে আওয়ামী লীগের লোকজন এসব দোকান বসাতো, এখন বিএনপি করছে। কিন্তু কোনো সরকারই এসব দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।"
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে লোকমান হোসেন বলেন, "আমি শুধু অটোরিকশা স্ট্যান্ডে শৃঙ্খলা রক্ষা করি, চাঁদাবাজি নয়।" একই কথা বলেন অভিযুক্ত আলমগীরও।
বিএনপির জিনজিরা ইউনিয়ন শাখার সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, “বিষয়টি জানি। উচ্ছেদ অভিযানের পর আবার দোকান বসে যায়। মোবাইল কোর্ট না থাকায় জরিমানা করা যায় না, আবার অনেক সময় দখলদাররা প্রতিরোধ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
সড়কটি মুক্ত রাখতে কার্যকর অভিযান ও প্রশাসনিক মনোযোগ চায় স্থানীয়রা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
