কোনো ঘুষ, তদবির বা লবিং ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন জয়পুরহাট জেলার ১৩ তরুণ-তরুণী। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
চাকরি প্রাপ্তদের মধ্যে অনেকেই দরিদ্র ও সাধারণ পরিবারের সন্তান। নিয়োগপ্রাপ্তরা বলেন, এত কম খরচে (প্রতিজনের জন্য মাত্র ১২০ টাকা) এবং কোনো রকম তদবির ছাড়াই চাকরি পাওয়া তাদের কাছে স্বপ্ন পূরণের মতো। ফলাফল ঘোষণার পর অনেকেই আবেগে কেঁদে ফেলেন।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, “আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। যাদের নিয়োগ দেয়া হয়েছে, তারা সবাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছেন।” তিনি নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বলেন, “বাংলাদেশ পুলিশের এই নিয়োগ প্রক্রিয়া প্রমাণ করে, এখন যোগ্যতাই হচ্ছে আসল পরিচয়।”
এই নিখুঁত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পুলিশে সাধারণ জনগণের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন স্থানীয়রা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
