ভারত-বাংলাদেশ সীমান্তে আবারও নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশকে চাপে ফেলতে ভারত এক নতুন কৌশল নিয়েছে 'পুশইন'। ভারতের সীমান্ত রক্ষা বাহিনী সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে আটক করা বাংলাভাষীদের ধরে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয়েছে যাদের তাদের সংখ্যাও কম নয়। যার মধ্যে রয়েছেন বাংলাদেশি নাগরিক, রোহিঙ্গা শরণার্থী এবং এমনকি কিছু অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিও।
বিশ্লেষকরা এই পদক্ষেপকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এবং ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সীমান্ত চুক্তির সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করছেন। সীমান্ত আইন অনুযায়ী, যেকোনো অনুপ্রবেশের ক্ষেত্রে যাচাই-বাছাই, আইনি প্রক্রিয়া এবং কূটনৈতিক আলোচনা জরুরি। কিন্তু পুশইন প্রক্রিয়ায় এসব কিছুই মানা হচ্ছে না।
স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের নীরবতা
সীমান্তবর্তী এলাকাগুলোর স্থানীয়রা জানাচ্ছেন, হঠাৎ করেই তাঁদের এলাকায় অচেনা লোকের সংখ্যা বাড়ছে। অনেকেই কোনো পরিচয়পত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে আসছেন এবং স্থানীয় প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
মানবাধিকার সংস্থার তীব্র সমালোচনা
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও দেশীয় পর্যবেক্ষকরা একে মানবাধিকার ও আন্তর্জাতিক নিয়মবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন। তারা বলছেন, এই ধরনের কার্যক্রম বন্ধ না হলে তা দুই দেশের সম্পর্কে চরম নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এখনো মেলেনি
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে সীমান্তে বিজিবি'র সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন তা সময়ই বলবে। তবে সীমান্তে এই নতুন বাস্তবতা দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরেক দফা পরীক্ষার মুখে ফেলেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
