আন্তর্জাতিক ডেস্ক, ৩ জুন — প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ঘোষণা দিয়েছেন, আগামী ২০ বছরে তার মোট সম্পদের ৯৯ শতাংশ দান করে দেবেন তিনি। এর একটি বড় অংশ ব্যয় করা হবে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে। খবর বিবিসি বাংলার।
ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে দেওয়া এক ভাষণে ৬৯ বছর বয়সি এই ধনকুবের বলেন, “স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে মানুষের সম্ভাবনা মুক্ত করলেই আফ্রিকার প্রতিটি দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”
তিনি জানান, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আগামী দুই দশকে আফ্রিকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিশু ও মাতৃস্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচনে কাজ করবে।
গেটস বলেন, “আমি সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২০ বছরের মধ্যে আমার সম্পদের বিশাল একটি অংশ দান করব। আফ্রিকার নানা সমস্যার সমাধানে এই অর্থ ব্যবহার হবে।”
কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব
আফ্রিকার তরুণ উদ্ভাবকদের উদ্দেশে গেটস বলেন, স্বাস্থ্যখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি বলেন, “আফ্রিকা ব্যাংকিং খাতে মোবাইল প্রযুক্তির মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে। এখন সময় এসেছে, স্বাস্থ্যখাতেও সেই ধরনের পরিবর্তন আনার।”
রুয়ান্ডার উদাহরণ দিয়ে তিনি জানান, কীভাবে দেশটি এআইভিত্তিক আলট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা শনাক্তে সফলতা অর্জন করেছে।
গেটস ফাউন্ডেশন ২০ বছরের পর বন্ধ হয়ে যাবে
গেটসের ঘোষণার সঙ্গে ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, তাদের তিনটি মূল লক্ষ্য—মা ও নবজাতকের অপ্রয়োজনীয় মৃত্যু কমানো, সংক্রামক রোগ প্রতিরোধ, এবং দারিদ্র্য দূর করা। এই লক্ষ্য অর্জনের পর ২০ বছরের শেষে গেটস ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
সমালোচনার মুখে গেটস
দাতব্য কাজের জন্য প্রশংসা পেলেও, বিল গেটস ও তার ফাউন্ডেশনের প্রতি সমালোচনাও রয়েছে। কেউ কেউ মনে করেন, ফাউন্ডেশনটি কর ফাঁকি দেওয়ার হাতিয়ার এবং বিশ্ব স্বাস্থ্য খাতে এর প্রভাব অতিরিক্ত।
তবে গেটস স্পষ্ট করে বলেন, “আমার মৃত্যুর পর কেউ যেন না বলে যে, আমি ধনী অবস্থায় মারা গেছি। আমি চাই না, ধনীর মর্যাদাই আমার শেষ পরিচয় হোক।”
অতীত থেকে বর্তমানে
১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন গেটস। ২০০০ সালে সিইও পদ ছাড়ার পর তিনি ধীরে ধীরে ব্যবসা থেকে সরে গিয়ে দাতব্য কাজের দিকে মনোযোগ দেন।
বর্তমানে গেটসের মোট সম্পদের পরিমাণ প্রায় ২০০ বিলিয়ন ডলার। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, দান করার পরও তিনি বিশ্বের শীর্ষ ধনীদের একজন হয়ে থাকবেন।
মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডির প্রতিক্রিয়া
মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মাশেল গেটসের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বলেন, “এটি একটি সংকটময় সময়। আমরা তার প্রতিশ্রুতির ওপর নির্ভর করতে চাই যে, তিনি আমাদের পাশে থাকবেন এই রূপান্তরের পথে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
