ঢাকা, ৩ জুন — বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম এখনো বিদ্যমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছেন, তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে বিদায় করা। ফ্যাসিস্টরা হয়তো বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজমের ছায়া এখনো জাতির ঘাড়ে।”
মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা সম্ভব। সেই লক্ষ্যে আমাদের দল কাজ করে যাচ্ছে।”
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান
নির্বাচন কমিশনের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আমরা পক্ষপাতিত্ব চাই না, আবার কারও প্রতি অন্যায়ও চাই না। নির্বাচন কমিশন যেন তাদের দায়িত্ব ও সম্মানের জায়গা রক্ষা করেন। কমিশনের অবস্থান একটি আমানতের জায়গা।”
তিনি সতর্ক করে বলেন, “যদি নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে তাহলে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে যদি ব্যতিক্রম কিছু ঘটে, তাহলে আমরা চুপ থাকবো না—প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
নিবন্ধন ফিরে পাওয়ার প্রেক্ষাপট
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামী দল হিসেবে পুনরায় নিবন্ধন ফিরে পায়। এই ঐতিহাসিক রায়ের প্রেক্ষিতেই দলটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জামায়াত আমির তার বক্তব্যে দলটির অতীত অবদান ও ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেন এবং সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
