পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ আগে-পরে মোট পাঁচ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (৪ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের সময় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ১২ মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগের সিনিয়র সচিব। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগের দুই দিন, ঈদের দিন ও পরের দুই দিন—মোট পাঁচ দিন সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু থাকবে।
সরকারের এ উদ্যোগে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
