গাজীপুর, ৪ জুন — প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মস্থল ছাড়তে শুরু করেছেন নগরবাসী। বুধবার দুপুরের পর থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে সফিপুর পর্যন্ত সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
গাজীপুরের শিল্প এলাকাজুড়ে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কল-কারখানা রয়েছে, যার মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানার লাখ লাখ শ্রমিক ইতোমধ্যে ছুটিতে যাচ্ছেন। সূত্র জানায়, এবার তিন ধাপে কারখানাগুলো ছুটি দিচ্ছে—মঙ্গলবার ১০ শতাংশ, বুধবার ৪০ শতাংশ, আর বৃহস্পতিবার ৫০ শতাংশ কারখানায় ছুটি শুরু হবে। এর ফলে ঈদযাত্রার চাপও বাড়ছে কয়েকগুণ।
চন্দ্রা ত্রিমোড়ে দেখা যায়, দুপুরের দিকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৫-৭ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যাত্রীরা কেউ হেঁটে, কেউবা অটোরিকশায় ব্যাগ, কাপড় ও বস্তা হাতে রওনা দিয়েছেন বাড়ির পথে।
শ্রমিক হৃদয় হাসান বলেন, “আজ অফিস থেকে ১১ দিনের ছুটি পেয়েছি। ব্যাগ নিয়ে সরাসরি চন্দ্রায় চলে এসেছি। কিন্তু এখানে গাড়ি চলছেই না।”
পোশাক শ্রমিক আমেনা খাতুন জানান, “আমার বাড়ি গাইবান্ধা। গাড়ি না পেয়ে অনেকটা পথ হেঁটেই এসেছি।”
এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ওসি সওকাতুল আলম বলেন, “দুপুরের পর যাত্রীদের চাপ বেড়ে যায়। যানজট যেন না হয়, সে জন্য পুলিশের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এদিকে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা জানান, “ঈদের সময় পশুবাহী যানবাহন ও আবহাওয়ার প্রভাব থাকায় মহাসড়কে চাপ বাড়বে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, আশা করছি যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
