ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাজায় ত্রাণ নিয়ে রওনা দিলেন গ্রেটা থুনবার্গ, থামাতে প্রস্তুত ইসরাইল

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪:১১ অপরাহ্ন

banglahour

৫ জুন ২০২৫, আন্তর্জাতিক ডেস্ক —
বিশ্বখ্যাত জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ গাজার দিকে ত্রাণবাহী নৌযানে করে রওনা দিয়েছেন। গত রোববার ২২ বছর বয়সি এই সুইডিশ তরুণী ‘ম্যাডলিন’ নামের একটি নৌযানে চেপে ইতালির কাটানিয়া শহর থেকে যাত্রা শুরু করেন। তার যাত্রার উদ্দেশ্য—ইসরাইলি আগ্রাসনে বিপর্যস্ত গাজার অসহায় মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া।

গ্রেটার এ সাহসী উদ্যোগে সঙ্গে আছেন আরও ১২ জন আন্তর্জাতিক শান্তিকর্মী, যার মধ্যে আছেন জনপ্রিয় সিরিজ ‘গেমস অব থ্রোনস’-এর অভিনেতা লিয়াম কানিংহ্যাম। এই মিশনটি পরিচালনা করছে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’। গ্রেটার বহনকৃত ত্রাণে রয়েছে শিশু খাদ্য, দুধ, ডায়াপার, আটা, পানি পরিশোধন যন্ত্র, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী।

তবে এই যাত্রা নিয়ে উত্তেজনা বাড়িয়েছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রেটার নৌযান গাজায় প্রবেশে বাধা দিতে প্রস্তুত ইসরাইলি বাহিনী। যদিও কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা প্রকাশ করেননি তিনি।

এফএফসি জানিয়েছে, তাদের এই শান্তিপূর্ণ মানবিক মিশনকে এরই মধ্যে ড্রোনে অনুসরণ করা হচ্ছে, যা সম্ভবত গ্রিক কোস্ট গার্ডের বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও চেয়েছে তারা।

গাজা উপত্যকা ২০০৭ সাল থেকে অবরুদ্ধ। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৪,৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অব্যাহত বোমাবর্ষণ ও অবরোধে গাজা এখন মানবিক বিপর্যয়ের মুখে।

এই পরিস্থিতিতে চোখ বুজে থাকতে পারেননি গ্রেটা থুনবার্গ। সোশ্যাল মিডিয়ায় নিজের যাত্রার মুহূর্তগুলো শেয়ার করে তিনি বলেন, “যত কঠিনই হোক না কেন, থেমে গেলে মানবতা হেরে যাবে।”

এর আগেও এফএফসির একটি ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার পেছনে ইসরাইলি ড্রোন হামলার অভিযোগ রয়েছে।

গ্রেটার এ সাহসী পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন, মানবিক ত্রাণ নিয়ে এগিয়ে যাওয়া এই ফ্লোটিলাকে ইসরাইল থামাবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে মানবতার পক্ষে পথ ছেড়ে দেবে?

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম