থেমে থেমে বৃষ্টিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানির চাপ নিয়ন্ত্রণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ১৬টি গেইট তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে। এদিকে হ্রদের পানি বৃদ্ধিতে ডুবে গেছে রাঙ্গামাটির অন্যতম পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতু। এতে পর্যটন খাতে দেখা দিয়েছে নতুন শঙ্কা।
পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে ক্রমেই বাড়ছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি। হ্রদের পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে পানি। কোথাও কোথাও সড়ক ও বসতবাড়ির আশপাশে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কাপ্তাই হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ১৬টি গেইট তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ হতে ৫৮০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। আর অতিরিক্ত পানি নিষ্কাশনের মাধ্যমে হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে পানি বাড়তে থাকায় হ্রদ সংলগ্ন নিচু এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শনিবার রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া শুরু হয়। পরে রাত ১০টা ৩৫ মিনিটে আরও ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে ১ ফুট করা হলে পানি নিষ্কাশনের পরিমাণ বেড়ে প্রায় ১৮ হাজার কিউসেকে দাঁড়ায়। এর পর রাতে আবারো ১ফুট থেকে বাড়িয়ে ২ ফুট করে গেইটগুলো খুলে দেয়া হয়। এতে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে প্রবাহিত হয়। এর পরও হ্রদের পানি আশংকাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় সর্বশেষ রবিবার সকাল ১০টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেইট ৩ ফুট করে ছেড়ে দেওয়া হয়। এতে করে প্রতি সেকেন্ড এ কাপ্তাই হ্রদ হতে ৫৮০০০ কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশিত হচ্ছে।
শুধু কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র ও জনবসতিই নয়, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির প্রভাব পড়েছে রাঙ্গামাটির পর্যটনেও। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পানিতে তলিয়ে গেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু। ফলে স্বাভাবিকভাবেই পর্যটকদের আনাগোনায় পড়েছে প্রভাব।
আর এব্যাপারে পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওযায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ঝুলন্ত সেতুতে চলাচল বন্ধ করা হয়েছে। পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপত্তা যাচাই করে পুনরায় সেতুটি খুলে দেওয়া হবে।
প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি রাঙ্গামাটির মানুষের কাছে নতুন নয়। তবে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা, সড়ক যোগাযোগ এবং পর্যটনকেন্দ্রগুলোর পরিস্থিতি নজরদারিতে রাখা জরুরি। আর পানি নিয়ন্ত্রণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট খুলে দেওয়া হলেও, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন নিয়মিত পানি পর্যবেক্ষণ ও দ্রুত প্রস্তুতি বলে মনে করছেন সচেতন মহল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
