শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের দাওধারা বনে উদ্ধার হওয়া একটি মৃত বন্যহাতির শাবককে ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা যৌথভাবে এই দাফন কার্যক্রম সম্পন্ন করেন।
হাতির ডাক, তারপর অনুসন্ধান
বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয়রা গারো পাহাড় এলাকায় বন্য হাতির অস্বাভাবিক চিৎকার শুনতে পান। এরপর রবিবার বিকেলে বন বিভাগ, ইআরটি সদস্য এবং স্থানীয়দের একটি দল পাহাড়ে অনুসন্ধানে গেলে তারা একটি মৃত হাতির শাবক খুঁজে পান। তবে, আশপাশে হাতির দল থাকায় তখনই শাবকটি উদ্ধার ও পরীক্ষা সম্ভব হয়নি।
ময়নাতদন্ত ও দাফন
সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেনের নেতৃত্বে একটি দল মৃত শাবকটির ময়নাতদন্ত সম্পন্ন করে। পরে নিয়ম অনুযায়ী শাবকটিকে বনেই মাটিচাপা দেওয়া হয়।
‘ভূমিষ্ঠ হওয়ার ১-২ দিনের মধ্যেই মৃত্যু’
মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, “হাতির বাচ্চাটি এক থেকে দুই দিনের মধ্যেই ভূমিষ্ঠ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আইন অনুযায়ী বন বিভাগের তত্ত্বাবধানে মৃত হাতির শাবকটির ময়নাতদন্ত শেষে যথাযথভাবে মাটিচাপা দেওয়া হয়েছে।”
বন বিভাগ এখনও নিশ্চিত করতে পারেনি কীভাবে শাবকটির মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, এটি হয়তো স্বাভাবিক মৃত্যু অথবা দলছুট হওয়ার কারণে মৃত্যুর শিকার হতে পারে।
বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা এবং বন ব্যবস্থাপনায় আরও তৎপরতার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
