মানিকগঞ্জ, ২১ জুন — মানিকগঞ্জ সদর উপজেলার চরখন্ড গোলড়া এলাকায় সেলফি পরিবহণের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তারা মিয়া (৪০) নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে। তিনি অ্যালকোয়েড স্টিলস মিলে কর্মরত ছিলেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেল আরোহী তারা মিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাস ও চালককে আটকের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
