নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড' সিনেমার নতুন গান 'মঙ্গল রং' প্রকাশের পর এর সুরের ধরন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের সুরে, অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটি ঘিরে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এই গানটিতে কাওয়ালির প্রভাব খুঁজে পেয়েছেন। হিন্দু মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে এমন সুরের ব্যবহার নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এ আর রহমান। তবে, নেটপাড়ার এই সমালোচনাকে একেবারেই পাত্তা দিতে চাননা কিংবদন্তি এই সুরকার।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এ আর রহমান। তিনি জানান, সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া দেখার মতো সময় তাঁর নেই।
এ আর রহমান বলেন, "আমরা প্রতিটি গান তৈরিতে এতটাই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই যে, গান রিলিজ হওয়ার পর অনলাইনের প্রতিক্রিয়া দেখার সময় অবশিষ্ট থাকে না।"
এ আর রহমান মজার ছলে জানান, তাঁর ছেলে সোশ্যাল মিডিয়ার এসব খবর তাঁকে দেন।
উল্লেখ্য, পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলা এই মেগা বাজেটের ছবিটিতে এ আর রহমান বিশ্বখ্যাত জার্মান সুরকার হান্স জিমারের সঙ্গে যৌথভাবে আবহ সংগীত পরিচালনা করছেন। আগামী ৫ নভেম্বর, ২০২৬ তারিখে সিনেমাটির প্রথম অংশ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
