কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের ৪০ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। এতে হাসপাতালে ভর্তি ও বহির্বিভাগের শত শত রোগী চরম দুর্ভোগে পড়ে। ব্যাহত হয় চিকিৎসা কার্যক্রম, বন্ধ হয়ে পড়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, গরমে অসুস্থ হয়ে পড়েন অনেক রোগী।
জানা যায়, সোমবার (২৪ জুন) দুপুরে বিদ্যুৎ বিভাগের স্থানীয় দপ্তর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে প্রশাসনের উচ্চ পর্যায়ে তোলপাড় শুরু হয়। পরে সরকারের উর্ধ্বতন মহলের নির্দেশে প্রায় চার ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে বিদ্যুৎ বিভাগ।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আ. করিম জানান, "আমাদের হাসপাতালটি প্রকৃতপক্ষে ১০০ শয্যার হলেও প্রশাসনিক অনুমোদন নেই বলে সরকার ৫০ শয্যার হাসপাতাল হিসেবেই বিদ্যুৎ বিল পরিশোধ করে। এছাড়া ট্রমা সেন্টারের বিলও এই হাসপাতালের সঙ্গে একত্রে পাঠানো হয়, ফলে বিলের পরিমাণ অনেক বেশি হয়। কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় রোগী ও স্টাফদের দুর্ভোগ চরমে ওঠে। চার ঘণ্টা পর সংযোগ ফিরে আসায় স্বস্তি ফিরেছে।"
বিদ্যুৎ বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে চাইলে ভৈরব বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী শামসুল আলম বলেন, “বকেয়া বিল আদায়ের অংশ হিসেবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা সংযোগ বিচ্ছিন্ন করি। পরে পুনরায় তাদের নির্দেশে বিদ্যুৎ সরবরাহ চালু করি।”
রোগীদের দুর্ভোগ
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকাকালে হাসপাতালে চলমান ফ্যান, লাইট, ওটির যন্ত্রপাতি, টেস্টিং মেশিন, এমনকি পানি সরবরাহেও সমস্যা দেখা দেয়। রোগী ও তাদের স্বজনরা গরম ও অন্ধকারে তীব্র কষ্ট ভোগ করেন।
প্রশাসনিক অসামঞ্জস্যতার চরম মূল্য দিচ্ছেন রোগীরা
এ ধরনের সংবেদনশীল প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনা সাধারণ রোগীসাধারণের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রশাসনিক অনুমোদন ও বাজেট বিভ্রাটের দায়ে সাধারণ রোগীদের দুর্ভোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্থানীয়দের দাবি, স্বাস্থ্যখাতে এমন অব্যবস্থাপনা বন্ধে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে এবং সরকারি হাসপাতালগুলোতে বিদ্যুৎ ও অন্যান্য জরুরি সেবার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা থাকতে হবে যেন রোগীদের জীবন কখনও হুমকির মুখে না পড়ে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
