দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশনে নেই কোনো যাত্রী ছাউনি। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজে এবং শীতকালে ঠান্ডা ও কুয়াশার মধ্যেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এতে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের ভোগান্তির মাত্রা আরও বেড়ে যাচ্ছে।
ব্রিটিশ আমলে নির্মিত হিলি রেলস্টেশনটি দিনাজপুরের সর্বদক্ষিণের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে শিক্ষার্থী, পণ্য আমদানি-রপ্তানিকারকসহ সাধারণ মানুষ রাজশাহী, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াত করে থাকেন।
স্থানীয় যাত্রী আনারুল ইসলাম বলেন, এত গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশনে কোনো ছাউনি নেই। ট্রেন ধরতে এসে শীত, বৃষ্টি, গরম—সব কিছুই খোলা আকাশের নিচে সহ্য করতে হয়।
নারী যাত্রী উম্মে কুলসুম জানান, “স্টেশনে পর্যাপ্ত বেঞ্চ নেই, টয়লেট থাকলেও সেটির অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এটি বড় ভোগান্তি। এছাড়া একটি মাত্র প্ল্যাটফর্ম থাকায় দ্বিতীয় লাইনে ট্রেন থামলে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হয়।
স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, “আমরা হিলি রেলস্টেশনের সমস্যা ও যাত্রীদের ভোগান্তির বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, অচিরেই সমস্যা সমাধান হবে।
এদিকে এলাকাবাসী ও যাত্রীরা দ্রুত যাত্রী ছাউনি নির্মাণসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ করার দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, রেল মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়ে যাত্রীসাধারণের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
