পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এ উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপকূলীয় বন বিভাগ।
সকালে পটুয়াখালী সার্কিট হাউস চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন মেলার মাঠে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন আনুষ্ঠানিকভাবে মেলা ও বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে মেলার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপ-বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন:
অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল
জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসান
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম প্রমুখ।
বক্তারা বলেন,বৃক্ষ শুধু সৌন্দর্যই বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষা মৌসুম হলো গাছ লাগানোর উপযুক্ত সময়। প্রতিটি বাড়ির আশপাশে গাছ লাগালে তা পরিবার, সমাজ এবং প্রকৃতির জন্য কল্যাণ বয়ে আনবে।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হৃদয় তরুয়া চত্বরে বৃক্ষরোপণ করা হয়, যা স্মারক উদ্যোগ হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ জাগিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
