ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাবার লাশ নিল না ছেলে দাফনের দায়িত্ব নিল ‘বাতিঘর’

সারাদেশ | জহির রায়হান,প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ।

(১ বছর আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৯:১৮ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ ইব্রাহিম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর পর তার নিজের সন্তান বাবার মরদেহ গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন। পরে মানবিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ মরদেহ দাফনের দায়িত্ব গ্রহণ করে।

গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ইসলামী শরীয়ত অনুযায়ী মরহুমের গোসল, জানাজা ও দাফনের সম্পূর্ণ ব্যবস্থা করে সংগঠনটি।

ঘটনার বিস্তারিত:এর আগে, ৩০ জুন সোমবার সকাল ১০টার দিকে, ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসলে সেখানে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহের সঙ্গে থাকা মোবাইল থেকে নম্বর সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করে পুলিশ। জানা যায়, ইব্রাহিম ১৯৬৬ সালে চট্টগ্রামের হালিশহরের ফইল্লাতলি বাজার এলাকার এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে ইব্রাহিম রাখেন।

জীবিকার সন্ধানে দেশের বিভিন্ন স্থানে কাজ করেন তিনি। দীর্ঘদিন দিনাজপুরের ‘মাদরাসাতুল মদিনা’ ও ‘জামায়াতুল মদিনায়’ বাবুর্চির কাজ করতেন। চলতি বছরের ৫ মে তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মহিষকার এলাকায় শ্বশুরবাড়িতে আসেন।

তার স্ত্রী তাহমিনা বহু বছর আগে তাকে ত্যাগ করে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন। একমাত্র ছেলে ইসরাফিল সিয়ামের সঙ্গে যোগাযোগ করলে তিনিও বাবার মরদেহ নিতে অস্বীকৃতি জানান।

বাতিঘরের মানবিক দায়িত্ব:

ঘটনার পরে সদর মডেল থানা ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’কে বিষয়টি অবহিত করলে সংগঠনটি মরদেহ দাফনের উদ্যোগ নেয়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন,
ইব্রাহিমের পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানালে আমরা বাতিঘরকে বিষয়টি জানাই। তারা সঠিক ধর্মীয় নিয়মে দাফনের ব্যবস্থা করেছে। এটি নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ।

‘বাতিঘর’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন বলেন,
অচেনা, অবহেলিত, পরিবারবিচ্ছিন্ন মানুষদের মর্যাদার সঙ্গে দাফনের দায়িত্ব আমরা নিঃস্বার্থভাবে পালন করি। যেন কেউ মৃত্যুর পর অবহেলায় না পড়ে— সেটিই আমাদের অঙ্গীকার।

একজন পিতার মরদেহ যখন তার নিজের রক্তের সম্পর্কেও অস্বীকৃত হয়, তখন একদল মানবিক মানুষ এগিয়ে এসে তার শেষ গন্তব্যে পৌঁছে দেন— এটাই আজকের সমাজের এক নির্মম বাস্তবতা ও আশার দ্যুতি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম