আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে দলীয়ভাবে মৌখিক অনুমতি দেওয়ায় আনন্দ মিছিল করেছে সাহাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে ঈশ্বরদীর আওতাপাড়া বাজার থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি ছিলিমপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীরা হাবিবুর রহমান হাবিবকে একনিষ্ঠ, সাহসী ও দলপ্রেমিক নেতা হিসেবে দীর্ঘদিন ধরে চেনেন। তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে অংশ নেবে।
পথসভায় বক্তব্য রাখেন বিএনপির ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস। তিনি বলেন, বিএনপি কখনও সন্ত্রাসে বিশ্বাস করে না। দলের কাছে যে নেতার ভাবমূর্তি বিতর্কিত, তার হাতে ধানের শীষ নিরাপদ নয়—তাকে মনোনয়ন দেওয়া হবে না।
এছাড়াও বক্তব্য রাখেন জিয়াউল হক সন্টু সরদার, রমজান আলী, রফিকুল ইসলাম রকি, মাফরুহা পারভীন চামেলিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
পথসভায় সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর খন্দকার।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, বিএনপির চূড়ান্ত মনোনয়ন হাবিবুর রহমান হাবিবকেই দেওয়া হবে এবং তিনি সরকারবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
