টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাহাদীপুর গ্রামে মাদকবিরোধী অভিযানের নামে ঘুষ দাবি ও নগদ অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি টিমের বিরুদ্ধে। ভুক্তভোগী ছালেহা বেগম (৫৭) এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন অধিদপ্তরের মহাপরিচালক এবং স্থানীয় প্রশাসনের কাছে।ছালেহা বেগম ভূঞাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং বাহাদীপুর গ্রামের বাসিন্দা। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ১৮ জুন সকাল ১০টার দিকে ৮-১০ জন কর্মকর্তা তার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান। অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা ছিলেন– মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শামীম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ জিয়াউর রহমান, প্রবাল চন্দ্র সরকার, মোঃ ফরহাদ আলী, মোঃ আল-মামুন এবং সুমাইয়া আক্তার।ঘুষ দাবি ও লুটের অভিযোগ:অভিযোগে ছালেহা বেগম জানান, অভিযানের শুরুতে কোনো মাদকদ্রব্য না পেয়ে অভিযুক্ত কর্মকর্তারা তেল খরচ বাবদ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি বাধ্য হয়ে ১০ হাজার টাকা দেন। কিছুক্ষণ পর আবার ফিরে এসে আলমারির তালা খুলিয়ে ৬ লাখ ৬৬ হাজার টাকা এবং ছেলের ঘর থেকে আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যান। অভিযানের সময় তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো ও জবানবন্দির ভিডিও ধারণ করার কথাও উল্লেখ করা হয়েছে।স্থানীয়দের প্রত্যক্ষদর্শী বর্ণনা:স্থানীয় বাসিন্দা সুমা আক্তার, লাল মিয়া ও আব্দুল মান্নান জানান, তারা অভিযানের সময় ভেতরে প্রবেশ করতে চাইলেও তাদের বাধা দেওয়া হয় এবং পরে অভিযান শেষে স্বাক্ষর নিতে বাধ্য করা হয়, তবে তারা জানেন না ভেতরে কী ঘটেছে।পূর্বের অনুরূপ অভিযোগ:এছাড়াও, একই কায়দায় গত ফেব্রুয়ারিতে প্রতিবন্ধী মালেকের বাড়িতেও অভিযান চালানোর অভিযোগ রয়েছে। মালেক জানান, তার মায়ের ছাগল বিক্রির ও ধান বিক্রির মোট ৪০ হাজার টাকা লুট করা হয়।তদন্তে প্রশাসন:এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম জানান,
আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রশাসনিক নীরবতায় ক্ষোভ:ছালেহা বেগম জানান, তিনি ভূঞাপুর থানায় অভিযোগ করলেও এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মাদকবিরোধী অভিযানের নামে অবৈধ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনার বিচার ও অর্থ ফেরতের দাবিতে উচ্চমহলে আবেদন করেছেন তিনি।এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং অভিযুক্তদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
