ভৈরবে নিষিদ্ধ পলিথিন গোডাউনে সংরক্ষণ ও বাজারজাত করার দায়ে হাবিব এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জব্দ করা হয়েছে ৬ বস্তা (প্রায় ১৫০ কেজি) পলিথিন।রোববার (৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকার একটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান আহমেদ রাফি। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ মমিন ভূইয়া।জানা যায়, দীর্ঘদিন ধরেই হাবিব এন্টারপ্রাইজ অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন আমদানি করে গোডাউনে মজুত রাখছিল এবং সেগুলো বাজারে সরবরাহ করছিল। অভিযানের সময় দোকান মালিক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান আহমেদ রাফি জানান, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বাজারজাত সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাটির উর্বরতা ধ্বংস করে এবং পানি নিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।অভিযানে জব্দকৃত পলিথিন ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
