ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়ার পাড়ার হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ময়না আক্তার ওই এলাকার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং পাশাপাশি একটি মাদ্রাসার নূরানী বিভাগে পড়ত।
নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে ময়না খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে রাতে মাইকিংও করা হয়। রোববার সকালে শিশুদের একজন মসজিদের দ্বিতীয় তলায় গিয়ে তার মরদেহ দেখতে পায়। পরে মসজিদের ইমাম ময়নার পরিবারকে খবর দেন। গ্রামবাসী ছুটে গিয়ে দেখে, ময়নার গলায় কাপড় পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দাবি করেছেন, এটি একটি নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ড, এবং এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধর্ষণের আলামত রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।নিহতের পরিবারের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
