বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে টোল ট্যাক্স আদায়ের নামে সাধারণ পরিবহন ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ও তার অনুসারীদের বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদে সোমবার (৭ জুলাই) বিকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বাঘমারা এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,
বিগত ২৫-৩০ বছর ধরে বান্দরবানে মালামাল পরিবহন করতে কোনো ট্যাক্স দিতে হয়নি। কিন্তু এখন টোল আদায়ের নামে জোর করে প্রতিটি গাড়ি থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এমনকি যেসব গাড়ি বাজারে পণ্য নামায় না, সেগুলোর কাছ থেকেও টাকা নেওয়া হচ্ছে। বক্তারা আরও বলেন, বাজার ইজারা মানেই বাজারের ভেতরে বিক্রিত পণ্যের ওপর কর আদায়। কিন্তু এখন তো পুরো এলাকা জুড়ে দলীয় পরিচয়ে বেপরোয়া টোল আদায় চলছে। এটা এক ধরনের চাঁদাবাজি, যা আইন ও ন্যায়ের পরিপন্থী। স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে চলতে থাকলে পণ্য পরিবহনের খরচ বাড়বে, স্থানীয় বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে,সাধারণ ব্যবসায়ী ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে।তারা বলেন, এই অবৈধ আদায় বন্ধ না হলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসবে।
প্রশাসনের হস্তক্ষেপ দাবি ও স্মারকলিপি প্রদান
মানববন্ধন শেষে উপস্থিত নাগরিকরা বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। তারা দাবি জানান,
অবিলম্বে অবৈধ টোল আদায় বন্ধ করা হোক, দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।এই মানববন্ধনে বাঘমারা এলাকার ব্যবসায়ী, পরিবহন চালক, সাধারণ মানুষ এবং শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। টোল আদায় নিয়ে অনিয়মের অভিযোগ দেশের বিভিন্ন অঞ্চলে শোনা গেলেও, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার অভিযোগ স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
