ঢাকা, ২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে পাইলট প্রকল্প শুরু হচ্ছে বৃহস্পতিবার

স্বাস্থ্য | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১০ মাস আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৩:৫৯ অপরাহ্ন

banglahour

বাংলাদেশে পুনর্বাসন চিকিৎসায় প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনের জন্য রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সুপারস্পেশালাইজড হাসপাতালে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হতে যাচ্ছে।

আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) এই সেন্টারে সীমিত পরিসরে পাইলট প্রকল্পের কার্যক্রম শুরু হবে। চীনের কারিগরি সহায়তায় গড়ে ওঠা এই সেন্টারটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক রোবটিক রিহ্যাব সেন্টার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনের সরকার এই প্রকল্পে প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবটিক যন্ত্রপাতি অনুদান দিয়েছে। এ সেন্টারে রয়েছে মোট ৬২টি রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর। এসব অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রোগীর অবস্থা অনুযায়ী সুনির্দিষ্ট ফিজিওথেরাপি, স্নায়ুবিক পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা দেওয়া যাবে।

বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্টার চালুর প্রস্তুতি হিসেবে চীনের ৭ সদস্যের বায়োমেডিক্যাল বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে ২৭ জন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও প্রাথমিক সাফল্যের ভিত্তিতে সেন্টারটি পুরোদমে চালু করা হবে।

এই সেন্টার থেকে স্ট্রোক, পক্ষাঘাত, স্নায়ুবিক বৈকল্য, দীর্ঘমেয়াদি ব্যথা, নার্ভ ইনজুরি, ফ্রোজেন শোল্ডার, দুর্ঘটনাজনিত জটিলতা কিংবা শারীরিক অঙ্গ দুর্বলতাসহ বিভিন্ন জটিল অবস্থার রোগীরা উপকৃত হবেন।

বিশেষ করে গত জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে যারা এখনও অসুস্থ অবস্থায় আছেন, তাদের জন্য সেন্টারে বিনামূল্যে রোবটিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।

সেন্টারটি শুধু বিশেষ ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না; নীতিমালার আলোকে সাধারণ রোগীদের জন্যও ধাপে ধাপে সেবার সুযোগ উন্মুক্ত করা হবে। একই সঙ্গে চিকিৎসার ব্যয় যেন রোগীদের সাধ্যের মধ্যে থাকে তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

এই সেন্টার চালু হলে বাংলাদেশ আধুনিক প্রযুক্তি-নির্ভর পুনর্বাসন চিকিৎসায় এক নতুন যুগে প্রবেশ করবে। এটি শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভোগা হাজারো মানুষের জীবনে আশার আলো হয়ে উঠবে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯