বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে তাদের সম্পত্তি মনে করে দীর্ঘদিন শোষণ ও নির্যাতন করেছে। এখন আবার নতুন করে হিন্দু কার্ড খেলার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, "বিএনপি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না। বিএনপি মনে করে, সকল সম্প্রদায়ের সম্মিলিত শক্তিই দেশ গড়ার হাতিয়ার। এবারও ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারেনি। আমাদের অঙ্গীকার, বাংলাদেশ হবে একটি রেইনবো স্টেট—যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে খুলনার একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, "হিন্দু সম্প্রদায় যেন কোনোভাবে ক্ষতির শিকার না হয়, সে লক্ষ্যে তারেক রহমান ভিডিও বার্তা দিয়েছিলেন। আমরা খুলনায় তাদের ব্যবসা ও বাড়িঘর পাহারা দিয়েছি।
তিনি আরও বলেন, "১৯৭১ সালে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল। ২০২৪-এর বিপ্লব সেই চেতনাকে ফিরিয়ে আনার সুযোগ এনে দিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা আহ্বায়ক ডা. প্রদীপ দেবনাথ এবং সঞ্চালনা করেন মহানগর আহ্বায়ক ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: দীপক কুমার সরদার, বাবু ব্রজেন ঢালী, সুজানা জলি, কৌশল্যা রায়, বিমান সাহা, সুজিত সাহা, বিজয় ঘোষ, রতন মিত্র, নির্মলেন্দু মণ্ডল, তপন ঘোষ, প্রভাষক সুজিত মণ্ডল, দেবদাস বিশ্বাস, তুষার স্বর্ণকার, ফারিয়া পিংকি, অজয় সিংহ রায়, বিপ্লব সেন, অভিজিৎ সরকার প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
