স্বপ্ন নিয়ে গড়ে ওঠা আশ্রয়ণ প্রকল্প এখন জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে ২০০১ সালে গড়ে ওঠা এ প্রকল্পে একসময় বসবাস করত শতাধিক ভূমিহীন পরিবার। কিন্তু এখন সেখানে টিকে আছে মাত্র ১২টি পরিবার, বাকিরা পালিয়ে গেছে দুর্বিষহ পরিস্থিতির কারণে। প্রকল্প এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, অধিকাংশ ঘর ভেঙে পড়েছে, দেয়ালে ফাটল, ছাউনিতে টিন উঠে গেছে। কোথাও কোথাও পশুখাদ্যের গোডাউন, আবার কিছু ঘর এখন পরিণত হয়েছে গবাদি পশুর খোয়ারে। চারপাশে জঙ্গল, দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাচ্ছেন বাকি বাসিন্দারা। ঘরে নেই সুপেয় পানির ব্যবস্থা, অধিকাংশ টিউবওয়েল অকেজো, নেই টয়লেট বা গোসলখানা। বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বারবার জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে সেখানে বাস করা মোমেনা, আমবিয়া, সুখিতন ও সুরত আলীরা বলেন, আমরা কোথায় যাব? থাকার জায়গা নেই বলেই এখানেই কষ্ট করে টিকে আছি। স্থানীয় জনপ্রতিনিধি ও গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলাম আকন্দ শাপলা বলেন, এই প্রকল্পটিকে টিকিয়ে রাখতে দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের বিকল্প নেই। আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আব্দুল্লাহ খান বলেন, “প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
