চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ঋণ পরিশোধে অস্বীকৃতি ও আর্থিক সমস্যার কারণে নুরুন নাহার (৪৭) নামে এক নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অফিসে তালাবদ্ধ করে আটকে রাখার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বিআরডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী নুরুন নাহার অভিযোগ করেন, তিনি ঋণ পরিশোধ করতে ইচ্ছুক ছিলেন, তবে বিআরডিবি কর্তৃপক্ষ পুরো ঋণের টাকা একবারে চাইলে আর্থিক অসুবিধার কারণে দিতে পারেননি। টাকা দিতে না পারায় তাকে অফিসের ভিতরে তালাবদ্ধ করে আটকে রাখা হয়।নুরুন নাহারের ছোট ছেলে জানান, তার মা কিছুদিন আগে অভাবের কারণে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তারা ঋণের কিস্তি হিসেবে ১০ হাজার টাকা পরিশোধের চেষ্টা করলেও, বিআরডিবি কর্মকর্তা পুরো টাকা একবারে চাইছিলেন। ঋণ কিস্তি সংগ্রহকারী আবেদা খাতুন তার মাকে অফিসের ভেতরে তালা লাগিয়ে আটকে রাখেন। ছোট ছেলে নিজে তালাবদ্ধ হওয়ার প্রস্তাব দিয়েও মাকে মুক্তির অনুরোধ করেন, কিন্তু কর্মকর্তারা মানেননি।অভিযুক্ত বিআরডিবির মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, নুরুন নাহার প্রায় ১৪ মাস আগে ৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের মেয়াদ চার মাস আগে শেষ হলেও তিনি টাকা পরিশোধ করেননি এবং নানা অজুহাত দেখিয়ে সময় নষ্ট করেছেন। তার কারণে তার (আবেদা খাতুনের) বেতনও বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ওই সময় তিনি বাজার ও ওষুধ কিনতে অফিসের বাইরে ছিলেন, পরে নুরুন নাহারের ছেলের সঙ্গে কথা বলে তালা খুলে দিয়েছেন। ঘটনার বিষয়ে জীবননগর বিআরডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামিল আখতার জানান, খবর পেয়ে তিনি কার্যালয়ে গিয়ে বিষয়টি তদন্ত করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
