ফরিদপুরের মধুখালী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের মূলহোতা কামরুল মিয়াসহ ৫ সদস্যকে আটক করা হয়েছে। রোববার (১৩ জুলাই) ভোর রাত থেকে সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ডুমাইন গ্রামে এই অভিযান পরিচালিত হয়। সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সম্প্রতি বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবার ভুয়া কাস্টমার কেয়ার পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগীরা সেনা ক্যাম্পে অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে দেখা যায়, প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থ অনলাইন জুয়া ও বেটিং সাইটে প্রবেশ করিয়ে ‘শতভাগ জয়’ নিশ্চিত করা হতো। এরপর সেই প্ল্যাটফর্ম থেকে অর্জিত অর্থ বিদেশে পাচার করা হতো। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ পাচার করা হতো বলে জানায় গোয়েন্দা সূত্র।অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী ডুমাইন গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা কামরুল মিয়া (৪০) এবং তার চার সহযোগী—অমরেশ বিশ্বাস (৩০), সোহান মালিক (২৪), হাফিজুর রহমান (৪২) ও শেখ শাকিল আহমেদ (২৬)—কে আটক করে। তারা সবাই মধুখালীর ডুমাইন গ্রামের বাসিন্দা। অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪২টি গ্রামীণফোন সিমকার্ড এবং ১০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) অসীত দাস।আটককৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, সাইবার অপরাধ দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলেছে, এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে—তাদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
