বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও অশালীন স্লোগানের প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের জনপ্রতিনিধি ও সমাজসেবক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। মঙ্গলবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক খোলা বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং তারেক রহমানকে উদ্দেশ্য করে যে কুরুচিপূর্ণ ভাষা ও অশালীন স্লোগান দেওয়া হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু তাই বলে শালীনতার সীমা লঙ্ঘন করা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, হাওর ও গ্রামাঞ্চলের মানুষ শান্তিপ্রিয় ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তারা কখনোই এই ধরনের কটুক্তি, বিদ্বেষ ও অপমানজনক কর্মকাণ্ডকে সমর্থন করে না। রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্বশীল আচরণই গণতন্ত্রের সৌন্দর্য ও শক্তি। সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আরও বলেন, “রাজনৈতিক কর্মসূচিতে সংযত ভাষার ব্যবহার এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। বিরোধিতা থাকতে পারে, কিন্তু সেটা যেন শালীনতা ও তথ্যনির্ভর হয়। অন্যথায় এ ধরনের কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ জনগণই একসময় রুখে দাঁড়াবে। বিবৃতির শেষে তিনি সকল রাজনৈতিক দল ও নেতাকর্মীদের প্রতি সুস্থ রাজনৈতিক চর্চা বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সচেতন থাকার অনুরোধ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
