পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৭ সালে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার (১৬ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—নাজিরপুর উপজেলার মধ্য হোগলাবুনিয়া গ্রামের মৃত হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে সেলিম শেখ (৪৬) ও মাজেদুল ইসলাম ডালিম (৪১), এবং প্রতিবেশী মো. জাহাঙ্গীর শেখ (৫১)।
তবে বিচারাধীন অবস্থায় হাতেম আলী শেখ মারা যান। ফলে রায় ঘোষণার সময় জীবিত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মধ্য হোগলাবুনিয়া গ্রামের বাদশা শেখের ওপর প্রতিপক্ষের ১৪-১৫ জনের একটি দল হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে। পরদিন (৮ ডিসেম্বর) নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বাদশা শেখের মৃত্যু হয়।
ঘটনার দিনই নিহতের স্ত্রী আকলিমা বেগম ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং হাতেম আলীর স্ত্রী শেফালী বেগম (৫৬) ও জাহাঙ্গীর শেখের স্ত্রী হাসি বেগম (৩৬)–কে বেকসুর খালাস দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
