জুলাই গণহত্যা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (১৬ জুলাই) দুপুরে শহরের শহীদী মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। ‘জুলাই দ্রোহ’ শীর্ষক কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন। মিছিলে জেলা সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুল মাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলন সম্পাদক এইচ এম ফরহাদ ভূইয়া, গুরুদয়াল সরকারি কলেজ শাখার সভাপতি এমদাদুল হকসহ বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আবু সাঈদ, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’, ‘বাংলা কি তোর বাপ-দাদার’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না’সহ নানা স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে হাসান আল মামুন বলেন, জুলাই সনদ ও গণহত্যার বিচার শুধু ইতিহাসের দায় নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। এ বিচার বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। নির্বাচিত ছাত্র নেতৃত্ব ছাড়া শিক্ষার্থীদের অধিকার আদায়ের পথ রুদ্ধ থেকে যায়। আজ নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠছে, যা দেশের শিক্ষাব্যবস্থা ও রাজনীতিকে কলুষিত করছে। দেশপ্রেমের প্রশ্নে বিভ্রান্তি না ছড়াতে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের শিকড় দিল্লি নয়, পিন্ডি নয়, লন্ডনও নয়—আমাদের শিকড় স্বাধীন বাংলাদেশেই। অপরাধ করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর অপসংস্কৃতি বন্ধ না হলে গণতন্ত্র ও জবাবদিহিতার ভবিষ্যৎ বিপন্ন হবে। সমাবেশে বক্তারা বলেন, এই দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
