গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, দপ্তর সম্পাদক খালিদ হাসানসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগ ও সরকারি দলের আশ্রয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এনসিপি নেতাকর্মীদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও পুলিশের গাড়িও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ সাজানো নাটক।”
তারা বলেন, “সরকার বিরোধী শক্তিকে দমন করতে পরিকল্পিতভাবে এই হামলা ও সন্ত্রাসী তৎপরতা চালানো হচ্ছে।”
ছাত্রদলের নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এমন হামলার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
